দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নকল করার অভিযোগ উঠেছে চীনা এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে। মঙ্গলবার মার্কিন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা কর্মকর্তারা এ অভিযোগ করেন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ‘ডিস্টিলেশন’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করে মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোর মেধাস্বত্ব থেকে প্রযুক্তি নকল করছে চীনা কোম্পানিগুলো। এ পদ্ধতিতে বড় ও ব্যয়বহুল এআই মডেলের তৈরি ফলাফল ব্যবহার করে তুলনামূলক ছোট মডেল প্রশিক্ষণ দেওয়া হয়। এতে নতুন এআই মডেল তৈরির প্রশিক্ষণ ব্যয় কমে আসে।
মার্কিন কর্মকর্তারা ডিপসিক, মুনশট এআই ও আলিবাবাসহ ছয়টি চীনা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এসব প্রতিষ্ঠান মার্কিন এআই মডেলের বিভিন্ন সংস্করণ ব্যবহার করে দ্রুত নিজেদের এআই পণ্য প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, চীনা সরকারের জ্ঞাতসারেই এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে।
মার্কিন কর্মকর্তারা বলেন, চীনভিত্তিক এআই কোম্পানিগুলো শিল্প পর্যায়ে আক্রমণাত্মক, উদ্দেশ্যপ্রণোদিত ও লক্ষ্যভিত্তিকভাবে ডিস্টিলেশন কার্যক্রম চালাচ্ছে। তাঁদের অভিযোগ, এসব কোম্পানি অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল ও স্পেসএক্সের এআই মডেল লক্ষ্য করেছে।
চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে এ অভিযোগ এমন সময়ে উঠল, যখন সেপ্টেম্বরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর নিয়ে দুই দেশ প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি এআই নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি সংলাপ হওয়ার কথা রয়েছে। অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফরের আগে একই ধরনের অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র।
মঙ্গলবারের বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা আরও অভিযোগ করেন, ডিস্টিলেশন পদ্ধতি শুধু চীনা এআই কোম্পানিগুলোর গবেষণা ও উন্নয়ন ব্যয় কমাচ্ছে না, বরং এটি চীনের সামরিক ও সাইবার হামলার সক্ষমতাও বাড়াতে পারে। এসব সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা সামরিক গবেষকেরা শীর্ষস্থানীয় মার্কিন এআই মডেলের তৈরি ফলাফল ব্যবহার করে দেশীয় এআই ব্যবস্থা প্রশিক্ষণ দিচ্ছেন এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
সূত্র: রয়টার্স
এমএস/